খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিলবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর একটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় রুহুল কবির রিজভী দাবি করেন, ২৯ ডিসেম্বর পুলিশ দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন প্রধানমন্ত্রী তাদের পদক দিচ্ছেন। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সঙ্গে প্রধানমন্ত্রীর এটা শ্রেষ্ঠ তামাশা। দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত। চারদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে।
দেশকে নিরঙ্কুশভাবে হাতের কব্জায় নিতেই মহাভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘সেজন্যই খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কয়েক মাস আগে মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।