রিফাত হত্যার বিচারের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের




rifat_andolonবরগুনার রিফাত শরীফ হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচারসহ সব ধরনের গুম-খুন ও সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে লজ্জাজনকভাবে সন্ত্রাসীরা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। কাউকে আগুনে পুড়িয়ে, কাউকে ধর্ষণ করে বা কাউকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় সরকার নির্বিকার ও ব্যর্থ। দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই। তাই, অপরাধীর অপরাধ করেও শাস্তি পাচ্ছে না। অপরাধীকে সরকারদলীয় লোকজন আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। এসব হত্যাকাণ্ডের জন্য বিচারহীনতা দায়ী। এমনকি প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে কোন অপরাধীকে গ্রেফতার করা হয় না। এভাবে দেশ চলতে পারে না।

বক্তারা দাবি জানান, আমরা বরগুনার রিফাতসহ সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেইসঙ্গে গুম-খুন-হত্যা বন্ধের দাবি করছি। পাশাপাশি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতাকারী, প্রভাবশালী গডফাদারদেরও বিচার দাবি করছি।

মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সাধারণ সম্পাদক ড. এম এ সামাদ, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ড. শামসুল আলম এবং কেন্দ্রীয় নেতা কমরেড সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।