বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে মুন্সীগঞ্জে শুরু হয়েছে সাজসাজ রব। দলের চেয়ারপারসনের আগমন ও সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সারাদেশে গুম, খুন ও অপহরণের প্রতিবাদে আগামীকাল বুধবার বিকালে মুন্সীগঞ্জের শহরের হাটলক্ষ্মীগঞ্জের লঞ্চঘাট এলাকায় সমাবেশ করবেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশ সফল করতে জেলা বিএনপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন সড়কে ঝুলছে ব্যানার ফেস্টুন, শোভা পাচ্ছে দলের প্রতীক ধানের শীষ। চলছে মাইকিং, প্রচার প্রচারণা ও সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ। এদিকে সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে সমাবেশের অনুমতি নিয়ে নানা জটিলতা থাকলেও সোমবার দুপুরে নির্ধারিত স্থানে সমাবেশ করার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।