বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দানব আওয়ামী লীগের আঘাতে শেখ হাসিনা নিজেই ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, 'সহিংসতা চলতে থাকলে বিরোধীদলের দরকার হবে না, অাওয়ামী লীগ নিজেই ধ্বংস হয়ে যাবে। যা আমরা চাই না। কারণ অামরা চাই দেশে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার থাকুক।' স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে আদালতের রায় নিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, 'আদালতের রায়ে দেশ স্বাধীন হয় নাই। জিয়া স্বাধীনতার ঘোষক নয় আদালতের এমন রায় জনগণ মেনে নেবে না।' সংগঠনের সভাপতি এ বি এম আবুল কালাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, বিএনপির নির্বাহী সদস্য এলিন জেরিন খান প্রমুখ।