প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

‘দলীয় নেতাকর্মীদের ভয় দেখিয়ে দেশ দুর্নীতিমুক্ত করা যাবে না’

01সার্বিকভাবে যেখানে দুর্নীতি রয়েছে, সেখানে চলমান অভিযানের হাত প্রসারিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ছাত্রলীগের সভাপতি- সম্পাদককে বহিষ্কার, যুবলীগের কতিপয় নেতাদের গ্রেফতার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখানো, এটা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার শেষ কথা নয়।’
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘চলমান অভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।
দুর্নীতি করে অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে বলে দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘শেয়ার বাজারে কোটি কোটি টাকা লুট করে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথের কাঙাল বানানো হয়েছে। সেদিকে সরকারের কোনও দৃষ্টি নাই। স্পষ্ট করে বলতে চাই, শুধু একতরফাভাবে একটা কিছু করে, ছেলে ভোলানো পাঁয়তারা করলে চলবে না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বহিষ্কারের দাবি করে সাবেক আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভারতীয় উপ-কমিশনারকে খুশি করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জয় বাংলা, জয়বঙ্গবন্ধুর সঙ্গে জয় হিন্দ উচ্চারণ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই মুহূর্তে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’
কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশ র্যা ব যেখানে অভিযান চালায় সেখানে হাজার কোটি কোটি টাকা পায় ফলে মানুষ এখন আর খালেদা জিয়ার দুই কোটি টাকাকে আমলে নেয় না।’

সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনতিবিলম্বে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য, দেশের মালিক সেটা প্রমাণ করার জন্য অনতিবিলম্বে একটি জাতীয় সংলাপের আয়োজন করা হোক।’
সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।