''মোদির আগের সরকার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি''

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ছাড়া সার্কের সব দেশে গণতান্ত্রিক সরকার রয়েছে। বাংলাদেশই হচ্ছে একমাত্র অগণতান্ত্রিক দেশ, যেখানে একটি দল জোর করে ক্ষমতায় বসে আছে। এই অগণতান্ত্রিক সরকারকে নরেন্দ্র মোদির সরকার সহযোগিতা করবে কি না সেটাই ভাববার বিষয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত “নরেন্দ্র মোদির নতুন সরকার: বাংলাদেশ-ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ''সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গত ৫ জানুয়ারির নির্বাচনের চরম বিরোধিতা করেছে। শুধু তাই নয়, এই নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে ওই দেশগুলোর সর্ম্পকে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। আমাদের এখন দেখার বিষয় হচ্ছে বৃহত্তম এই গণতান্ত্রিক দেশের নবনির্বাচিত মোদি সরকার তাদের আগের সরকারের কলঙ্কের বোঝা বইবে কিনা।'' তিনি অভিযোগ করে বলেন, ''আমাদের প্রতিবেশী দেশ ভারতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু মোদির আগের সরকার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি।'' বাজেট প্রসঙ্গে আমীর খসরু বলেন, ''একটি অবৈধ সরকার বাজেট পেশ করেছে। আমরা এই অবৈধ বাজেট প্রত্যাখ্যান করছি। এই বাজেট পেশ করার অধিকার তাদেরকে কে দিয়েছে?'' নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ অনেকে বক্তব্য রাখেন।