আইনশৃঙ্খলা বাহিনীকে খুনি বানিয়েছে সরকার: ফখরুল

আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুনি বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অবৈধ সরকার শুধু পেশাদার খুনি নয়, যারা কোনোদিনও খুন করে নাই তাদেরও খুন করতে উদ্বুদ্ধ করছে। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক মহিউদ্দিন খান মোহনের জিয়াউর রহমানের জীবনী অবলম্বনে লেখা উপন্যাস ‘প্রাচীর’এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, “অামাদের অবৈধ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারের পক্ষ নেন। তিনি শুধু শামীম ওসমানই নয় বরং জয়নাল হাজারী, তাহেরসহ সকল সন্ত্রাসী গডফাদারদের পক্ষ নিয়েছেন। যা একজন প্রকৃত প্রধানমন্ত্রীর কাজ নয়।'' মহিউদ্দিন খান মোহনের বইয়ের প্রশংসা করে ফখরুল বলেন, ''এই বই নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে,বইটি এমন সময় প্রকাশিত হলো যখন জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে।'' আলহাজ্ব শফি বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, 'প্রাচীর' এর লেখক মহিউদ্দিন খান মোহন প্রমুখ।