এবারের উপনির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি। ভোটগ্রহণের সব প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) কেন্দ্রগুলোতে মক (ইভিএমে ভোট দেওয়ার প্রশিক্ষণ বা খসড়া ভোট) ভোট অনুষ্ঠিত হয়।
হরিদেবপুর ইউনিয়নের ভোটার শাহাদত হোসেন ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, বিগত নির্বাচনগুলোতে কিছু কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। এটা নিয়ে ভয় নেই, কিন্তু অনেক ইভিএম মেশিন ভোট দেওয়ার সময় সঠিকভাবে কাজ করে না।
এরআগে, জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে রংপুর-৩ আসনের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। যে কারণে এখানকার ভোটারদের মধ্যে ইভিএম অনেকটাই পরিচিত। কিন্তু অনেক ভোটারই এখনও এ নিয়ে সংশয় কাটিয়ে উঠতে পারেননি।
কামাল কাছনার কেন্দ্রে মক ভোট দিতে আসা রেজাউল করিমের কাছে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে কখনও ইভিএমে ভোট দেই নাই। তাই শিখতে এসেছি এতে কীভাবে ভোট দেয়। মক ভোট দেওয়ার পর মনে হলো দ্রুত ও সহজে ভোট দেওয়া যায়। কিন্তু যন্ত্রতো, একটা অস্বস্তি থেকেই যায়।
এই ভোটারের বক্তব্যের ব্যাখ্যা পাওয়া যায় রংপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং রংপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবুল কাষেমের বক্তব্যে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ইভিএম নতুন প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি। এদেশের মানুষ ম্যানুয়ালি ভোট দিতে অভ্যস্ত। তাই ডিজিটাল প্রযুক্তি তাদের কাছে অনেকটাই নতুন। পুরনো দিনের সংস্কার ঝেড়ে ফেলে এ অঞ্চলের মানুষ এখনও ইভিএমে অভ্যস্ত হতে পারেনি।
এদিকে ইভিএম নিয়ে শঙ্কার কথা নির্বাচন কমিশনের স্থানীয় অফিসে জানিয়েছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ইভিএম নিয়ে আমাদের শঙ্কা আছে। সেটা নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানোও হয়েছে। তারপরও সরকারের সিদ্ধান্ত থাকায় ইভিএমে ভোট হচ্ছে। তবে, আমরা এ নিয়ে সতর্ক থাকবো।
জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এইচ এম আসিফ শাহরিয়ারও বলছেন ইভিএমে আস্থাহীনতার কথা। তিনি বলেন, ইভিএম নিয়ে জনগণের মধ্যে আস্থার অভাব রয়েছে। তবে কয়েক নির্বাচন ধরে ইসির প্রতি যে আস্থা গড়ে উঠেছে তার ভিত্তিতে হয়তো তারা ইভিএমে ভোটগ্রহণ করতে আগ্রহী। এখন সুষ্ঠু ভোট হলে জনগণের সেই আস্থার প্রতিফলন হবে ও ইভিএমেও তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।
প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূণ্য হয়। শনিবার (৫ অক্টোবর) এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন।
আরও পড়ুন:
রংপুর-৩ উপনির্বাচন: প্রচারণা শেষ, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ