নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফতেহপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে রাস্তার পাশের একটি খাদ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে বাড়ি থেকে বের হন বিল্লাল হোসেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরে রাত সাড়ে ৯টায় দড়িকান্দি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ২৫ জানুয়ারী ফতেহপুর এলাকায় একটি জমির মালিকানা নিয়ে বিল্লাল হোসেন ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিল্লাল ও তার লোকজনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটেরও অভিযোগ উঠে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার পরেই আত্মগোপনে ছিলেন বিল্লাল। বৃহস্পতিবার জামিন পাওয়ার পর তিনি এলাকায় ফিরে আসেন।