স্বাধীনতাবিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ইসলামী আন্দোলন

বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমস্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘লাল-সবুজের পতাকায় শুকুনের দৃষ্টি পড়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘ভারতের এক মন্ত্রীর বক্তব্য এবং বাংলাদেশের কতিপয় নেতা-নেত্রী ও মন্ত্রীর বক্তব্যে কোনও ফারাক নেই। সবমিলিয়ে দেশ গভীর সংকটে পতিত। দেশকে আমরা আমাদের জানমালের চেয়েও ভালোবাসি। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যেকোনও চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এগুলো হারিয়ে জাতি এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।’

ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, ‘ভারতীয় আগ্রাসন ধেয়ে আসছে আমাদের দিকে। মুসলিমবিরোধী আইন পাশের পর বাংলাদেশের জন্য নতুন সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে দেশ কঠিন সমস্যার সম্মুখীন হবে।’
অনুষ্ঠানে মুহাম্মদ ইমরান হুসাইন নূরকে সভাপতি, মুহাম্মদ হাবিবুর রহমানকে সহ-সভাপতি এবং সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের ২০২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আল-আমীন সিদ্দিকীর সভাপতিত্বে এবং ইমরান হুসাইন নূরের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ছাত্রনেতা নূরুল করীম আকরাম প্রমুখ।