প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নতুন কমিটিতেও সভিপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এদিকে দলের বিদায়ী কেন্দ্রীয় কমিটির পদধারী ও বর্তমান সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন এমন পাঁচ নেতা শনিবার নতুন আংশিক কমিটিতে স্থান পাননি। তারা হলেন, বিদায়ী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ও সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া, বিদায়ী কমিটির অর্থ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ধর্মবিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহম্মদ আবদুল্লাহও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হননি। অবশ্য এসব মন্ত্রী-প্রতিমন্ত্রী যেসব পদে ছিলেন, সেই পদে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। এই পদগুলো এখনও শূন্য রয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। কাউন্সিলররা তাকে পুরো কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। সভাপতিমণ্ডলীর সঙ্গে পরামর্শ করে পরে ২৮ জন কাযনির্বাহী সদস্যের নাম ঘোষণা করবেন তিনি।
আরও পড়ুন-
‘আওয়ামী লীগে আছি, থাকবো, এটাই আমার পরিবার’