দুপুর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনেনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের পর বেশিরভাগ প্রার্থীই বলেছেন, ‘দলীয় চাপে নয়, দলের সমর্থন বিবেচনা করে মনোনয়নপত্র প্রত্যাহার করছি। যেসব প্রার্থী দলের সমর্থন পেয়েছেন তাদের পক্ষে কাজ করবো দলের মঙ্গলের জন্য।’

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন দুপুরে মো. আবুল কাসেম বলেন, ‘দুপুর পর্যন্ত ১৬/১৭ জন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। পুরো তথ্য গুছিয়ে বিকাল পাঁচটার পর জানানো হবে।’

প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে দলীয় চাপ আছে কিনা জানতে চাইলে আবুল কাসেম বলেন, ‘প্রার্থীরা বলছেন—দলীয় চাপ নেই। দল যাকে সমর্থন দিয়েছে তাকেই আমরা সমর্থন দেবো। দলের সমর্থনের বাইরে যাবো না। চাপ বা ভয়-ভীতি নেই বলছেন তারা (প্রার্থীরা)। ’

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কমিশনার প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আসতে থাকেন ঢাকা উত্তর সিটি করপোরেশন রিটার্নিং অফিসে। মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেরত যাওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তারা।

আওয়ামী লীগের সব প্রার্থীই বলেছেন, দলীয় সমর্থন বিবেচনায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। দলীয় কোনও চাপ নেই। তবে অনেক প্রার্থীর চোখে মুখে কষ্টের ছাপ দেখা গেছে।

মনোনয়ন প্রত্যাহার করা ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন, ‘কষ্ট তো একটু আছেই। তবে দলীয় সমর্থন না দেওয়ায় দলের সমর্থনকে সম্মান জানাতে মনোনয়নপত্র প্রত্যাহার করছি। ’

৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঢাকা উত্তর যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মামুন সরকার বলেন, ‘দলীয় নেতারা গণমাধ্যমে আমাদের উদ্দেশে বলেছেন, দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য। আমি সমর্থন পাইনি, এ জন্যই আমি আমার মনোয়ন প্রত্যাহার করছি। দল থেকে কোনও চাপ নেই। ’

মনোনয়নপত্র প্রত্যাহার করতে যারা এসেছিলেন তাদের অন্যতম ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম মোল্লা সুরুজ, হাজি মুজিবুর রহমান, ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম।  তারা প্রত্যেকেই বলেন, দলীয় সমর্থন বিবেচনা করে প্রার্থিতা প্রত্যাহার করছি।