ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে সমমনা ইসলামি দলগুলো। এসব সংগঠনের উদ্যোগে জুমার নামাজের পর মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে সমমনা ইসলামি দলগুলোর নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, বাংলাদেশের জনগণ মোদিকে এখানে দেখতে চায় না। বাংলাদেশে মোদির আমন্ত্রণ বাতিল করা হোক।
মোদির আমন্ত্রণ বাতিল না হলে ১২ মার্চ সারাদেশে মানববন্ধনের ঘোষণা দেন নূর হোসাইন কাসেমী। সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমমনা ইসলামি এসব দলের মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুসলিম লীগ ও ইসলামি ঐক্য আন্দোলন।