বাংলাদেশের মানুষ কখনও নিষ্ক্রিয়ভাবে বসে থাকে না: ড. কামাল

ড. কামাল হোসেনবাংলাদেশের মানুষ কখনও নিষ্ক্রিয়ভাবে মাথায় হাত দিয়ে বসে থাকে না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে দেখেছি সমস্যা আসলে মানুষ মাথায় হাত দিয়ে বসে থাকে। কিন্তু বাংলাদেশে দেখেছি মানুষ কখনও নিষ্ক্রিয়ভাবে মাথায় হাত দিয়ে বসে থাকে না। যতই ভয়াবহ পরিস্থিতি সামনে আসে, তখন চেষ্টা করে কীভাবে ঐক্যবদ্ধভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বেইলি রোডের নিজ বাসা থেকে টেলিফোনে যুক্ত হয়ে ড. কামাল এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে ও ড. কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে কেক কাটা হয়।

প্রেস ক্লাবের আলোচনা সভাএসময় ড. কামাল বলেন, ‘আমাদের মানুষের মধ্যে যে শক্তি আছে, সেটাই আসল শক্তি। আমাদের ইতিবাচক রাজনীতির মূল উৎস ছিল মানুষ। যদি এসব ব্যাপারে ইতিবাচকভাবে কাজ করে, সমস্যার কারণটা কী চিহ্নিত করে এবং সবাই মিলে চেষ্টা করে, তাহলে সমাধান পাওয়া যায়।’

দেশের সংকটগুলোকে মেনে না নিয়ে আমরা গঠনমূলকভাবে ঐক্যবদ্ধ হয়েছি বলে মন্তব্য করে কামাল হোসেন বলেন, ‘এটা হচ্ছে সুস্থ রাজনীতির অবদান। সুস্থ রাজনীতি মানুষকে সচেতন করে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে। আমাদের অবশ্যই বাঁচতে হবে। বিক্ষিপ্তভাবে কাজ করে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবো না।’

দেশের অর্থনীতিকে আমাদের পুরোপুরি পুনরুজ্জীবিত করতে হবে উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘কারণ অর্থনীতি মানুষের চাহিদা পূরণ করে। সরকার সেই ব্যবস্থা করতে হবে যাতে মানুষ ইতিবাচক অর্থনীতিতে অবদান রাখতে পারে। আমাদের বিদেশের রেমিট্যান্স যোদ্ধারা নিয়মিত দেশে টাকা পাঠাচ্ছে। তারা দেশপ্রেমের পরিচয় দিয়ে যাচ্ছে।’

নিজ বাসায় কেক কাটেন ড. কামালপ্রেস ক্লাবে আলোচনা সভায় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ‘ভয়-ভীতির রাজনীতি থেকে বের হয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে আমাদের। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তা ফিরিয়ে আনবো।’

দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান রাজনীতি হচ্ছে জনগণ সব সময় সরকারের ভয়ে থাকে। যে রাজনীতিতে সরকার জনগণকে ভয় পায় আমাদের সেই রাজনীতি করতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান, মোস্তাক আহমেদ, জহিরুল ইসলাম প্রমুখ।