নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: সালাহউদ্দিন

২২নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, যা আমরা পাচ্ছি না। আজকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের ওপরে মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই।’

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার বেলা ১১টায় দোলাইরপাড় ঢাল থেকে গণসংযোগ শুরু করে ৫০ নম্বর ওয়ার্ডের বটতলা হয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নবীনগর, নতুন রাস্তা, শহীদ ফারুক সড়ক, ওয়াসা রোড হয়ে উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেটে এসে গণসংযোগ শেষ হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, আকবর হোসেন নান্টু, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী,যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কয়েক’শ নেতাকর্মী।