আ. লীগ মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন করেছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুআওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আমলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, শুধু মুক্তিযোদ্ধা নয়, তাদের পরিবারের সদস্যরাও মুক্তিযোদ্ধাদের সব সুযোগ সুবিধা ভোগ করবেন। শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের  আর্থিক অনুদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।  
শিল্পমন্ত্রী বলেন, আজ একজন মুক্তিযোদ্ধা যে ভাতা পাচ্ছেন, তার অবর্তমানে তার ছেলে ও বংশের অন্য সদস্যরাও তা ভোগ করতে পারবেন। শুধু ভাতা নয়, অন্য সুযোগ-সুবিধাও তারা ভোগ করতে পারবেন।
মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে চাকরি পাওয়া যাবে এমন নয় উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, পাস করে যোগ্যতার ভিত্তিতে কোটা অনুসারে তাদের চাকরি পেতে হবে।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন, জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব, উপজেলা নির্বহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, পৌর মেয়র আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজিদ প্রমুখ।

/এআর/এমএনএইচ/