রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে চিঠি পাঠানোর কাজ শুরু করেছে ক্ষমতাসীনরা। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, বিদ্রোহী প্রার্থীদের কাছে কেন্দ্রের শোকজ চিঠি ও সাময়িক বহিষ্কার আদেশ পাঠানো শুরু হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করেছেন এমন সংসদ সদস্য ও জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টের ভিত্তিতে সপ্তাহ খানেকের ভেতরে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গত ৯ জানুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে যারা নির্বাচন করেছেন তাদের কেন বহিষ্কার করা হবে না এই মর্মে শোকজ নোটিশ দেওয়া হবে। এ সিদ্ধান্তের পরই আজ এ সিদ্ধান্ত হয়। এর আগে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে সাময়িক বহিষ্কার করেছিল আওয়ামী লীগ।
এ বিষয়ে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তাদের শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। তার দায়িত্বপ্রাপ্ত বিভাগ থেকে কতজন বিদ্রোহী প্রার্থীকে চিঠি দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩০ জনকে এ চিঠি দেওয়া হচ্ছে।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ বলেন, দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে প্রার্থী হয়েছেন সিলেট বিভাগের এমন ১০ মেয়র প্রার্থীর নামে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। তারা হলেন- সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভার সিরাজুল জব্বার, কানাইঘাটে নিজাম উদ্দিন আল মিজান, জকিগঞ্জে ফারুক আহমেদ, মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার মেয়র প্রার্থী শফি আলম ইউনুছ, বরলেখায় আবদুল নূর, কমলগঞ্জে জাকারিয়া হাবিব বিপ্লব, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভায় নুরুল করিম, ছাতকে আবদুল ওয়াহেদ মজনু, হবিগঞ্জ সদর পৌরসভার প্রার্থী মিজানুর রহমান মিজান, শায়েস্তাগঞ্জ পৌরসভায় আতাউর রহমান মাসুদের নামে শোকজ চিঠি ইস্যু করা হয়েছে।
রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, রাজশাহী বিভাগে ১৪ জন বিদ্রোহী প্রার্থীকে শোকজ ও সাময়িক বহিষ্কারের চিঠি পাঠানো হচ্ছে।
খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল জানান, তার বিভাগে ১০ জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর চিঠি পাঠানো হচ্ছে। তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করে ১০ জন বিদ্রোহী প্রার্থীকে চিঠি পাঠানো উচিত বলে মনে করছি।
সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
/এএইচ/