নিজের জন্মদিনে খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন মুহিত


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতনিজের জন্মদিনে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত এক বছরে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন,‘আজকে আমার একটি বিশেষ দিন। এদিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত এক বছর কোনও জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। আশা করছি,এবার দেশে ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
আজ সোমবার ২৫ জানুয়ারি অর্থমন্ত্রীর জন্মদিন। ৮২ পেরিয়ে ৮৩ বছরে পা রাখলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ উপলক্ষে মন্ত্রণালয়ের সচিব,অতিরিক্ত সচিবগণসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও অর্থ মন্ত্রণালয়ের সংবাদ কভার করতে আসা সাংবাদিকদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন অর্থমন্ত্রী। দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই খোশ মেজাজে ছিলেন অর্থমন্ত্রী। সর্বদা পাজামা-পাঞ্জাবি পরা অর্থমন্ত্রী আজ পরেছিলেন সাদা জামার ওপর কালো স্যুট। সঙ্গে লাল টাই। কালো সু। সব কিছু মিলিয়ে অসাধারণ। মুখে ছিল শিশুসুলভ  হাসি ও আচরণে ছিল উচ্ছ্বাস। দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতারও শেষ ছিল না তার। তাইতো জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা শুভাকাঙ্ক্ষী তিনি বার বার বলছিলেন,‘আল্লাহ এতদিন সুস্থভাবে কাজের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, এটিই তো আল্লাহর দেওয়া বড় নেয়ামত।’
সোমবার সকাল থেকেই জন্মদিন পালন করতে গিয়ে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৪র্থ তলায় নিজের দফতরের দরজা রেখেছিলেন সবার জন্য উন্মুক্ত। সবাই এসেছেন,তাদের সঙ্গে কেক কেটেছেন। মোমবাতি জালিয়েছেন,ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন। জন্মদিনের কেক নিজে খেয়েছেন এবং অন্যদেরও খাইয়েছেন। ছবি তুলেছেন কখনো বসে,আবার কখনো দাঁড়িয়ে। অনেকের সঙ্গে তিনি সেলফিও তুলেছেন। শুভেচ্ছা জানাতে আসা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ফাঁকে ফাঁকে পুরনো দিনের স্মৃতিও রোমন্থন করেছেন অর্থমন্ত্রী। বলেছেন অতীতের গল্প। অর্থমন্ত্রীর চেয়ারে নয়, অতিথিদের জন্য সংরক্ষিত সোফায় বসে এ সময় তিনি বলেছেন, ‘আজ কোনও ফাইলের কাজ নয়। শুধুই গল্প।’

নিজের জন্মদিনে অনুভূতি জানতে চাইলে আবুল মাল আবদুল মুহিত বলেন,‘৮৩ বছরে পা রাখতে পেরে ভালো লাগছে। ভালো লাগছে এই বেঁচে থাকা। কাজের ভেতরে থাকতে ভালো লাগে। রোগ বালাই নাই,কষ্ট নাই।’

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যদের দেওয়া শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হন মন্ত্রী। এ সময় অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলম,অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস,ফজলুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জীবনের এতটা পথ পাড়ি দিতে গিয়ে তার কোনও দুঃখ নাই বলে জানান আবুল মাল আব্দুল মুহিত। বলেন,বিমর্ষ করার মতো কোনও দুঃখও নেই তার ।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,সব স্বপ্ন,সব পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয় না। যে সব পরিকল্পনা নেওয়া হয়,সেটাকে আমরা ‘অ্যাম্বিশাস’ বলি। কারণ হয়তো পুরোটা বাস্তবায়িত হবে না।

/এসআই/ এমএসএম