‘মন্ত্রী ও ব্যবসায়ী সিন্ডিকেট তেলের মূল্য বৃদ্ধি করেছে’

‘দেশে সয়াবিন তেলের কোনও সংকট ছিল না। কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে মন্ত্রী ও ব্যবসায়ী সিন্ডিকেট তেলের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি করেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এবং জাতীয় প্রতিরোধ আন্দোলনের সমন্বয়কারী এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।

মঙ্গলবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘জাতীয় প্রতিরোধ আন্দোলন’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘মন্ত্রী ও মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে অসৎ ও লুটেরা ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। যার ফলে ঈদের আগে ভোজ্যতেলের সংকট তৈরি করে যে সিন্ডিকেট জনগণের সঙ্গে প্রতারণা করেছে, শাস্তি না দিয়ে তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার তাদের পুরস্কৃত করেছে।’

তিনি বলেন, ‘সরকারের অব্যবস্থাপনা এবং লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন নাভিশ্বাস উঠেছে তখন তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার প্রমাণ করলো, দেশের বাজার মুনাফালোভী সিন্ডিকেটের হাতে বন্দি।’

গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব ও জাতীয় প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়াও বক্তব্য রাখেন–বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হোসেন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান প্রমুখ।