জিহাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে: ইসলামী ঐক্যজোট

ঢাকা মহানগর ইসলামী ঐক্যজোটের সমাবেশজিহাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। তিনি বলেন, জঙ্গিবাদ আর জিহাদ এক নয়। জেহাদের মাধ্যমে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, আর সন্ত্রাসের মাধ্যমে অন্যায় অবিচার-জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হয়। জিহাদ করা ফরজ। সন্ত্রাস নির্মূল করাও ফরজ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে দলটির মিছিল পূর্ব সমাবেশে তিনি এ সব কথা বলেন।
যে সব সদস্যের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আবুল হাসানাত। তিনি বলেন, এই দেশে ইসলামের বিরোধিতা করে মসজিদ মাদ্রাসায় হামলা করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কেউ রেহাই পাননি, ভবিষ্যতেও পাবেন না। ইসলামী ঐক্যজোট শান্তির পক্ষে, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে।
দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা শান্তির পক্ষে, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে। আমরা নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে সংসদে আইন পাস করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু আমাদের মাদ্রাস-মসজিদে হামলা করে নিরীহ ছাত্রদের শহীদ করে আমাদের ওপর আঘাত করা হয়েছে। এভাবে একের পর এক আঘাত করা হবে, আর আমরা নিশ্চুপ বসে থাকব, তা হতে পারে না।
সমাবেশ শেষে একটি  বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, হাউজ বিল্ডিং, দৈনিক বাংলার মোড় হয়ে উত্তর গেটে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

দলটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, যুগ্ম-মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মঈনউদ্দিন রুহী, সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, ছাত্রবিষয়ক সম্পাদক আনছারুল হক ইমরান, ছাত্র খেলাফত সেক্রেটারি জেনারেল মো. খোরশেদ আলম প্রমুখ।

/সিএ/এমএনএইচ/