এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরও ৪ নেতা পদত্যাগ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার রাতে সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি শাহরিয়ার হক মজুমদার শিমুল, রাব্বী হাসান, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিল বিপ্লব, নবীনুর রহমান নবীন, যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক ও ইসরাফিল চৌধুরী সোহেল পদত্যাগের সিদ্ধান্ত নেন।ওই ৮ জন একই কারণ দেখিয়ে পৃথকভাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্রও তৈরি করেন।
পদত্যাগপত্রে নেতারা অভিযোগ করেন, ছাত্রদলের নবগঠিত কমিটির শীর্ষপদে এমন ব্যক্তিদের বসানো হয়েছে যারা ক্যাম্পাসে ছাত্রলীগের বি-টিম হিসেবে পরিচিত। তাদেরকে ছাত্রদলের কর্মসূচিতে একদিনের জন্যও দেখা যায়নি। রাজনীতির মাঠে তারা ছাত্রদলের অধিকাংশ নেতা-কর্মীর তুলনায় অনুজ। কমিটিতে ত্যাগী, নির্যাতিত ও জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন পদত্যাগকারীরা।
নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,মঙ্গলবার সকালে পদত্যাগ পত্র নিয়ে কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে যান তারা। কিন্তু দপ্তর সম্পাদক না থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেননি তারা।বুধবার তারা ওই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
এদিকে,মঙ্গলবার বিকেলে ঘোষণা প্রত্যাহার করে নেন সহ-সভাপতি ইব্রাহিম খলিল বিপ্লব ও যুগ্ম সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল। তারা মঙ্গলবার ৬.৪৩ মিনিটে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন তাদেরকে চাপ দিয়ে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।
এরপর রাত ৮.১৩ মিনিটে বাংলা ট্রিবিউনের কাছে পদত্যাগের ঘোষণা প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করে আবারও পদত্যাগের ঘোষণা দেন তারা।
যুগ্ম সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল বলেন,নতুন কমিটিতে পদপ্রাপ্ত বিতর্কিতদের আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। যারা হামলা, মামলার শিকার হয়েছি তাদের নিয়ে কমিটি গঠন করতে হবে কেন্দ্রীয় কমিটিকে। বিতর্কিতদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী মিলে প্রতিহত করা হবে।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন,সংগঠনের কেউ পদত্যাগ করতে চাইলে আমার মাধ্যমে পদত্যাগপত্র সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে পৌঁছাবে। আমি এখন পর্যন্ত কোনও পদত্যাগপত্র হাতে পাইনি। পদত্যাগের কথাও শুনিনি।’
জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হাতে পাইনি।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় সোহেল রানাকে সভাপতি ও আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট জাবি শাখা ছাত্রদল কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
এসআরএস/এমএসএম