‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে হবে’

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। বিভিন্ন দেশ বৈদেশিক ঋণের দারস্থ হচ্ছে। বৈশ্বিক মন্দা, প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উৎপাদন হ্রাসের ফলে সামনে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ রয়েছে। মূল্যস্ফীতির কারণে দরিদ্ররা মানবেতর জীবন যাপন করছে। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে হবে।

শুক্রবার (১০ মার্চ) চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ-সংলগ্ন এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আয়োজিত মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, একসময় এ খাতে বাংলাদেশ তেমন ব্যয় করতো না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে প্রাধান্য দিয়েছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীনসহ বিভিন্ন ভাতা, ভিজিএফ, ভিজিডি, খাদ্যবান্ধব কর্মসূচি, কাবিখা, কাবিটা ইত্যাদির পরিসর বাড়ানো হয়েছে। করোনা সংকট উত্তরণে ও দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অর্থনীতির মূল স্রোতে যুক্ত করতে হবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।