হাইকোর্ট মোড়ে ও দোয়েল চত্বরে দুই দফা বাধা শেষে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন খালেদা জিয়া। রাত ১টা ৩২ এ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রাত সোয়া একটার দিকে দোয়েল চত্বরে প্রথমবার ও রাত পৌনে একটার দিকে হাইকোর্ট মাজারে দ্বিতীয়বার খালেদা জিয়ার গাড়ি বহর আটকায় পুলিশ। দুবারই পুলিশের সঙ্গে হাতাহাতি করে ছাত্রদলের নেতাকর্মীরা।
শহীদ মিনারে যেতে বিএনপির সিনিয়র নেতারা হানিফ পরিবহনের একটি বাস ব্যবহার করেন। এছাড়া, খালেদা জিয়ার নিয়মিত বহরের নয়টি গাড়িও ছিল।
শ্রদ্ধা জানানোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর হাফিজউদ্দীন আহমদ, রুহুল কবির রিজভী, শাহজাহান উমর, আমান উল্লাহ আমান, শামা ওবায়েদসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল থেকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে জানান প্রায় ১৫ মিনিট ধরে খালেদা জিয়ার গাড়ি বহরকে আটকে রাখা হয়েছে। শহীদ মিনারে প্রবেশের পুরো তালিকা আগেই জমা দেওয়া হয়েছে। যারা যাবেন, তারা প্রত্যেকেই এনলিস্টেড।
এ ব্যাপারে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: নাসিরুল ইসলাম।
/এসটিএস/এমপি/এমএনএইচ/