শেখ হাসিনা নিজেকে ইতিহাসের পাতায় নিতে ২ বার সুযোগ পেয়েছিলেন: দুদু

শেখ হাসিনা নিজেকে ইতিহাসের পাতায় নিয়ে যাওয়ার জন্য দুইবার সুযোগ পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (৫ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জিয়াউর রহমান বীর উত্তম সমার্থক’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা কয়লা খায়, তারা ভালো কিছু খেতে পারে না। ওরা শুধু কয়লাই খায়। আপনি (শেখ হাসিনা) ২০১৪ সালের নির্বাচন ভালো করতে পারতেন। সুযোগ ছিল আপনার। খালেদা জিয়া আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু আপনার অহংকারে মাটিতে পা পড়ে না। আপনি ২০১৪ সালের নির্বাচন করে নিজেকে এমন একটি ঘৃণিত জায়গায় নিয়ে গেলেন, যা আর পরিবর্তন হবে না। আবার আপনি ২০১৮ সালে সুযোগ পেলেন। সব বিরোধী দলকে আপনি বিশ্বাস করতে বলেছিলেন। কিন্তু ২০১৮ সালের নির্বাচন আপনার দিনে করার সাহস হলো না, করলেন রাতের বেলা।’

তিনি বলেন, ‘আজকে ঘোষণা এসেছে, পায়রা বন্দর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে যাবে। আপনাকে (প্রধানমন্ত্রী) এখন একমাত্র রক্ষা করতে পারেন বেগম খালেদা জিয়া। এটা আপনাকে মানতে হবে।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, মোবারক হোসেন প্রমুখ।