সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন।
দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, সৌদি আরবসহ আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই দেশগুলোয় থাকা ইসরায়েলের নাগরিকদের গ্রেফতার করে চাপ প্রয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ইসরায়েলের সব পণ্য বর্জন কর্মসূচি গ্রহণ করতে হবে।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সুইডেনে পবিত্র কোরআন শরিফকে অবমাননা ও পোড়ানো এবং ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
ইউনুছ আহমাদ আরও বলেন, সুইডেনে হামলার প্রতিবাদস্বরূপ বিশ্বের মুসলমান রাষ্ট্রপ্রধানদের সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে হবে এবং মুসলিম দেশগুলোতে থাকা সুইডেনের দূতাবাস বন্ধ এবং সুইডিশ পণ্য বর্জনের মাধ্যমে সুইডেনকে চাপ প্রয়োগ করতে হবে।
বিক্ষোভে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেছেন, সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে, সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। তার প্রমাণ হচ্ছে কোরআনে আগুন দেওয়া।
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নেতারা নিন্দা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিন্দা প্রস্তাব করেননি।
সমাবেশে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনের দাবিতে ৮ জুলাই শনিবার আলোচনা সভা কর্মসূচি ঘোষণা করেন মাদানি।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।