ইসি ‘সদয় হবে’ আশা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির

নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। সোমবার (২৪ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে দলটির নেতারা নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে এ আহ্বান জানিয়েছেন। এদিকে নিবন্ধনবঞ্চিত আমার বাংলাদেশ পার্টিও (এবি) পৃথক চিঠি দিয়ে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচেনার অনুরোধ জানিয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী দলগুলোর মধ্যে প্রাথমিক বাছাইয়ে টিকেছিল ১০টি দল। এর মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে দুটি দল নিবন্ধন পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। বাকি আটটি দলকে নাকচ করে দিয়েছে ইসি।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মণ্ডল সাংবাদিকদের জানান, জেলা ও উপজেলা কমিটি সব সঠিক রয়েছে। দেশের নিপীড়িত মানুষের কথা রাজনৈতিকভাবে তুলে ধরার জন্য দলটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি বৃহৎ জনগোষ্ঠী এ দলের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হয়ে এ দলের মর্মকথা বুঝতে সমর্থ হবে। ইসি সদয় ছিল বলে দুটি দল নিবন্ধন পেয়েছে। যারা নিবন্ধন পায়নি তাদের প্রতিও সদয় হতে হবে।