১৪ দলের সমন্বয়কের সঙ্গে ৫৮ দলীয় ইউএনএ নেতাদের সাক্ষাৎ

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নেতারা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় ইউএনএ'র শরিক দলগুলোর একটি (১০ জন চেয়ারম্যান) প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে নেতৃত্ব দেন জোটের মহাসচিব ডাক্তার খন্দকার মো. ইমদাদুল হক সেলিম।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনীতিতে দল ও জোটসমূহের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এ বৈঠক হয়। এতে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউএনএ নেতারা দেশের চলমান সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ১৪ দলীয় মহাজোটের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পর্টির চেয়ারম্যান মাওলানা শরিফ হাজারী, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি চেয়ারম্যান মাওলানা মো. আজহারুল ইসলাম, গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির চেয়ারম্যান আবু সালেহ্ মো. ড. ফিরোজ মল্লিক, ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাওলানা মুফতি কমরেড তালিবুল ইসলাম প্রমুখ।