স্বতন্ত্রদের সঙ্গে লড়েই জিততে চান নৌকা-লাঙ্গলের প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে চান ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। এ জন্য কোনও প্রার্থীকে বাধা না দেওয়ার পাশাপাশি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন তারা। বড়দিনের সরকারি ছুটি থাকায় সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের ব্যস্ত সময় পারতে দেখা যায়। প্রতীক নিয়ে প্রচারের সময় ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

রাজধানী ঘুরে দেখা গেছে, প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি পোস্টার লাগানো হচ্ছে এখনও। প্রার্থীদের পক্ষে মাইকিং করে ভোট চাওয়া হচ্ছে গলি-গলিতে। বিভিন্ন এলাকায় প্রার্থী ও তাদের লোকজন লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছে। এ ছাড়া ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে।403604057_278374681896847_1396334289533331450_n

সোমবার সকালে ২৯ নম্বর ওয়ার্ডের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে নির্বাচনের গণসংযোগকালে তিনি স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের সংযত হবার আহ্বান জানান। বলেন, প্রয়োজনে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নানক বলেন, আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আত্মহারা হয়ে গেছে। মানুষের যে আমার প্রতি এত ভালবাসা, এত স্নেহ, মায়া ও মমতা, তা দেখে ব্যাকুল হয়ে গেছি। এ এলাকার মানুষের কাছে ৫ বছর পরে ফিরে এসে আমি যেন মাতৃক্রোড়ে ফিরে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।

এদিন বিকালে মালিবাগে গণসংযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় তিনি বলেন, ঢাকা-৮ আসনের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের জন্য আমি কাজ করবো। এই এলাকার মানুষের প্রত্যাশা হলো মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি এলাকা। এখানে যাতে শিক্ষার পরিবেশ ঠিক থাকে সেজন্য আমি কাজ করবো। নারীর ক্ষমতায়ন যাতে বৃদ্ধি পায় এবং তথ্যপ্রযুক্তিতে যাতে তারা এগিয়ে যেতে পারে তার জন্যও আমি কাজ করবো।

এর আগে সকাল সাড়ে ১০টায় ১৯ নম্বর ওয়ার্ডের কাকরাইল মোসাফির টাওয়ার থেকে গণসংযোগ শুরু করেন বাহাউদ্দিন নাছিম। এরপর শান্তিনগর মোড়, আনারকলি মার্কেট, সিদ্ধেশ্বরী এলাকা, রমনা কমপ্লেক্স এলাকায় পথসভা করেন তিনি। পরে বিকাল ৪টা থেকে ১২ নম্বর ওয়ার্ডের মারুফ মার্কেট, মৌচাক মোড়, মালিবাগ  ফাস্ট লেনে পথসভা, মালিবাগ মিনার মসজিদের সামনে গণসংযোগ, পিডব্লিউডি কলোনি এলাকায় পথসভা, গুলবাগ পানির পাম্প এলাকায় গণসংযোগ, গুলবাগ জামে মসজিদ এলাকায় গণসংযোগ, গুলবাগ ক্লাব মসজিদ এলাকায় গণসংযোগ ও ১২ নম্বর ওয়ার্ডের নির্বাচনি কার্যালয়ের সামনে পথসভা করেন। রাতে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে শান্তিনগরে প্রধান নির্বাচনি কার্যালয়ে মতবিনিময় করেন।

এদিকে সোমবার বিকাল ৩টায় জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা-৪ আসনে সানজিদা খানমের পক্ষে ও বিকাল ৫টায় আব্দুল মান্নান হাই স্কুল মাঠ কোনাপাড়া, ডেমরায় ঢাকা-৫ আসনে হারুনর রশিদ মুন্নার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের উদ্দেশে দুটি কথা বলতে চাই। আমাদের দরকার একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই দুটি বিষয় একে অপরের পরিপূরক।403632765_3676940089219956_945328934603812829_n

যুবলীগ চেয়ারম্যান বলেন, কোনও বিশেষ দল নির্বাচনে এলো বা না এলো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বিবেচনার বিষয়ও না। কিন্তু আপনাদেরই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী করতে পারি। সবারই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে বাধা দেবো না। আপনাদের সহনশীল হতে হবে এবং সবাইকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন মানে অন্যের ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয়।

এদিন দুপুরে পুরান ঢাকার দয়াগঞ্জে গণসংযোগ করেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় স্মার্ট নৌকা সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, 'আমরা সবসময় বলেছি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নেত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে দাহ ফের ফ্রি করে দেওয়ার কথা বলেন সাঈদ খোকন।

এদিন দুপুরে উত্তরার জসীমউদদীনে আরএকে টাওয়ার, উত্তরা টাওয়ার, নিগার প্লাজা, রাজলক্ষ্মী কমপ্লেক্স, কুশল সেন্টার, এইচএম প্লাজা, আমির কমপ্লেক্স ও রাজউক কমার্শিয়াল মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের।

এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে যেন কোনও ভয় না থাকে। মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা নির্বাচনে শঙ্কাহীন পরিবেশ চাই। আমরা চাই ভোটাররা যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে লাঙলের বিজয় সুনিশ্চিত। সরকার ও নির্বাচন কমিশনকে ভোটের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিজয়ী হতে পারলে রাস্তাঘাট উন্নয়ন করবো, ঢাকা-১৮ আসনের মানুষের জন্য সব অধিকার নিশ্চিত করবো। আমরা গণমানুষের সঙ্গে আছি, কোনও অপশক্তি আমাদের পথচলা রোধ করতে পারবে না।

সোমবার বিকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলামোড়ায় নির্বাচনি সভায় ভোট চেয়েছেন ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম। এ সময় হুমকি উপেক্ষা করে দলবদ্ধভাবে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করে বিশ্ববাসীকে দেখাতে চায় আওয়ামী লীগ সরকার। নৌকার বিজয় হবে। সবাই নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের পাশাপাশি ঢাকার স্বতন্ত্র প্রার্থীরাও সোমবার নির্বাচনি প্রচারে মাঠে রয়েছেন। ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। তিনি ট্রাক প্রতীক নিয়ে এবার ভোটে লড়ছেন। সোমবার বিকালে তিনি ঢাকা দক্ষিণ সিটির ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। একইদিন ঢাকা-৫ আসনে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেন।

মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমার কোনও লোভ-লালসা নেই। আমি জনতার প্রার্থী হিসেবে ঢাকা-৫ নির্বাচনি এলাকার জনসাধারণের সেবা করতে চাই। আমার দরজা সবার জন্য দিন-রাত ২৪ ঘণ্টা খোলা। ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিনও নির্বাচনি গণসংযোগ করেছেন। তিনি সোমবার শাহআলী থানাধীন ১১ নম্বর ওয়ার্ডের এ-ব্লক, বি-ব্লক থেকে শুরু করে এফ-ব্লকের প্রতিটি বাড়িতে বাড়িতে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন এবং আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান। পরে সচেতন নাগরিক সমাজ এবং বাড়িওয়ালা মালিক সমিতির ব্যানারে উঠান বৈঠক করেন সাবিনা আক্তার তুহিন।