কোটা-পদ্ধতির যুক্তিসঙ্গত সংস্কারের দাবি বামজোটের

কোটা-পদ্ধতি নিয়ে যুক্তিসঙ্গত সংস্কারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা মনে করেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা দেশের জন্য গৌরবের এবং শ্রদ্ধার বিষয়। এর সঙ্গে চাকরির কোটা সংরক্ষণকে মুখোমুখি দাঁড় করানো অপমানজনক।’

রবিবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন জোটের নেতারা। এতে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামান রতনের সই করা বিবৃতিতে সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মোশরেফা শিশু, ইকবাল কবীর জাহিদ, মাসুদ রানা ও আব্দুল আলীর নাম উল্লেখ করা হয়।

চাকরির কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বামজোটের নেতারা বলেন, ‘দেশের অনগ্রসর, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্ষেত্রে কোটা সংরক্ষণ একটি সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব আর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ক্ষেত্রে কোটা মানবিক দায়িত্বের অংশ। কিন্তু বেকারত্ব, সরকারি শূন্য পদগুলোতে নিয়োগ না দেওয়া এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় ছাত্র যুব সমাজের মধ্যে যে চরম অসন্তোষ বিরাজ করছে সেক্ষেত্রে কোটার নামে চাকরিতে পদ সংরক্ষণ তাদের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে।’

নেতারা উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করা কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করে না। আদালতের ওপর দায় চাপানো কিংবা মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ বানানো নয়, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই গ্রহণ করতে হবে।’

বিবৃতিতে প্রত্যয় স্কিম বাতিল করতে শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।