গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলা, লুটপাট ও গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হামলা-লুটপাটকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
বিবৃতিতে নেতারা বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামের একজনকে মব জাস্টিস করে হত্যা করা হয়। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ-লুটপাট ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে, যাতে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।
‘আমরা হামলা-লুটপাট, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। সব জাতিসত্তার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যূনতম শর্ত। কাজেই বাংলাদেশের জন্য নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠারও শর্ত সব জাতিসত্তার বৈচিত্র্য ও অধিকার রক্ষা করা। আমরা এই কাজে জাতি, ধর্ম নির্বিশেষে সবার ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই, বলা হয় বিবৃতিতে।