নুরের ‘মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ’, হাসপাতালে মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র নেতারা। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় খোঁজ খবর নিতে যান  বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

পরে সাংবাদিকদের কাছে তিনি শুক্রবার রাতের ঘটনায় আহত নুরুল হকের ওপর আক্রমণের নিন্দা জানান।

গণঅধিকার পরিষদের আহত সভাপতিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতাকর্মীরা।

ডা. রফিক নূরের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নূরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আইসিইউ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রফিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা নুরের ওপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘নুরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে, নাকের একটি হাড় ভেঙে গেছে।’

যেকোনও প্রয়োজনে নুর ও তার পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।