সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ০৪ মিনিটে তিনি সেখানে পৌঁছে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। স্মৃতিসৌধে পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। তারা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হন।
এ সময় উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন।