দলের প্রতিষ্ঠাতাদের একজন হলেও দলে যোগ না দিলে তারা নামই নেবে না: মাহফুজ আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, একটি দলে যোগ না দিলে ওই দলের লোকজন আপনার নামই নেবে না। যদিও দলটি গড়ে তোলায় আপনি প্রতিষ্ঠাতাদের কিংবা নীতিনির্ধারকদের একজন ছিলেন। দলের তৈরি কোনো ইভেন্টের ইতিহাসেও আপনার নাম নেওয়া হবে না। নিলেও দায় দেওয়ার জন্য নেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম লিখেছেন, ‘মুক্তির দিনে এসে এসব বেমানান, তবু জানিয়ে যাই—ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার।’

তিনি বলেন, ‘ইতিহাসের মাৎস্যন্যায় তো বাস্তব। বড় মাছ মেজো বা ছোট মাছকে গিলে খাবে। মেজো বা ছোট মাছ আবার বড় হয়ে অন্যদের গিলে খাবে। গত দুই বছরে কি হয়নি এসব? আবারও হবে। সময় এলে সেখানে অন্যরা থাকবে না।’

ফেসবুক পোস্টে মাহফুজ আলম আরও বলেন, ‘আপনি একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলে আপনাকে ইতিহাস থেকে নাই করে দেওয়া হবে, যেন আপনি ছিলেনই না। থাকলেও গাদ্দার হিসেবে ছিলেন। অন্যদিকে কোনোভাবে ওই আদর্শিক গ্রুপের সঙ্গে তাল মিলিয়ে চললে প্রধান দুই-চার পুতচরিত্রের একজন হয়ে ওঠা কোনো বিষয়ই ছিল না।’

তিনি আরও বলেন, একটি দলে যোগ না দিলে ওই দলের লোকজন আপনার নামই নেবে না। যদিও দলটি গড়ে তোলায় আপনি প্রতিষ্ঠাতাদের কিংবা নীতিনির্ধারকদের একজন ছিলেন। দলের তৈরি কোনো ইভেন্টের ইতিহাসেও আপনার নাম নেওয়া হবে না। নিলেও দায় দেওয়ার জন্য নেওয়া হবে। যদিও আপনি ওই ইভেন্টের সব নীতিনির্ধারণে অন্যতম একজন ছিলেন।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম লেখেন, যার হাতে ক্ষমতা, সে-ই ইতিহাস লিখবে। এটা নিয়ে অভিযোগ করবে দলের বা আদর্শিক গোত্রের লোক। কারণ, দলের বা আদর্শিক গোত্রের ক্ষমতারোহণের জন্য ইতিহাসের ওপর কর্তৃত্ব দরকার। ক্ষমতারোহণ করে তারা কার বা কাদের ইতিহাস লিখবেন, কাদের বাদ দেবেন, সেটা বলাই বাহুল্য।