সন্ত্রাস-খুনের রাজনীতি চালিয়ে গেলে শিল্প-বাণিজ্য ধ্বংসের জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া আওয়ামী লীগ রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ লেখেন, ‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব। সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন এড়াতে ২১ আগস্ট, ২০২৪-এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলাম। হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’
তিনি লেখেন, ‘সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
পোস্টে তিনি আরও লেখেন, গত ১৩ নভেম্বর লীগের সাইবার গ্রুপ আইডি টেকডাউন করসিল। আজ একটু আগে ফেরত পেলাম। আইডি ফেরত আনাতে যারা সাহায্য করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।