কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। রবিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা গাড়ির ছবিও পোস্ট করে প্রতিক্রিয়া জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনও বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
এরই মধ্যে হামলার ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগতভাবে লালন আখড়াবাড়িসহ কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। বিকালে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে আসেন। সেখানে আখড়াবাড়িতে গান শুনে বের হচ্ছিলেন। এ সময় দুজন নারী তার সঙ্গে ছবি তোলার কথা বলেন। ঠিক সেই মুহূর্তে তাকে (নাসীরুদ্দীন) উদ্দেশ করে একজন ডিম ছোড়ে।’