রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। দলটি প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে সরে এসেছে, নারীদের কোণঠাসা করেছে এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র দুর্বল করেছে; এমন অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন।

গত সপ্তাহে দেওয়া পদত্যাগপত্রে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের চারটি প্রধান কারণ তুলে ধরেন সামান্তা। এগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নির্বাচনি কৌশল, নারীদের অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থতা এবং কাউন্সিল ছাড়াই কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন।

তার পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন ২০৩০ সালের মধ্যে সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী রাখার আইনি শর্ত পূরণে পিছিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জরিপে অন্তর্ভুক্ত ৩২টি দলের মধ্যে মাত্র দুটি তাদের কেন্দ্রীয় কমিটিতে নারীর প্রতিনিধিত্বের এই লক্ষ্যমাত্রা পূরণ করেছে।

রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্বের ঘাটতির পাশাপাশি নির্বাচনি রাজনীতিতেও নারীর অংশগ্রহণ কমেছে। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে নারীর হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৬ শতাংশে। গত পাঁচটি জাতীয় নির্বাচনের মধ্যে এটি সর্বনিম্ন।

সামান্তা শারমিনের পদত্যাগ এককভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ কমে যাওয়ার প্রমাণ নয়। তবে তার অভিযোগ একটি বড় প্রশ্ন সামনে এনেছে; রাজনৈতিক দলে নারীদের উপস্থিতি কি নীতি নির্ধারণ, নির্বাচনি জোট, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে?

প্রতিনিধিত্ব এখনও সীমিত

টিআইবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন ৯৪ জন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে নারী ছিলেন ৮৩ জন। ফলে মোট প্রার্থীর মধ্যে নারীর হার ৪ দশমিক ৯৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমেছে।

সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যেও নারীর প্রতিনিধিত্ব ওঠানামা করেছে। ২০০৮ সালের নবম সংসদে সরাসরি নির্বাচিত সদস্যদের ৫ দশমিক ১৫ শতাংশ ছিলেন নারী। ২০১৪ সালে এই হার ছিল ৬ দশমিক ৮৭ শতাংশ, ২০১৮ সালে ৭ দশমিক ৩৩ শতাংশ এবং ২০২৪ সালে ৬ দশমিক ৬৭ শতাংশ। ২০২৬ সালের ত্রয়োদশ সংসদে এই হার কমে ২ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে, যা গত পাঁচটি জাতীয় নির্বাচনের মধ্যে সর্বনিম্ন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে ৮৫ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সাধারণ আসনে জয়ী হয়েছেন মাত্র সাতজন। তাদের ছয়জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এবং একজন স্বতন্ত্র প্রার্থী। সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন যুক্ত হওয়ায় বর্তমানে নারী সংসদ সদস্যের সংখ্যা ৫৭। সংসদের মোট সদস্যের মধ্যে তাদের হার ১৬ দশমিক ৪ শতাংশ।

টিআইবির গবেষণায় আরও দেখা গেছে, জরিপে অন্তর্ভুক্ত ১৩টি দল ২০২৬ সালের নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। আরও ১২টি দল নারী প্রার্থী দিলেও তাদের মোট প্রার্থীর মধ্যে নারীর হার ছিল মাত্র ৩ দশমিক ১ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নারীর হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮৩ জন নারীর মধ্যে ৬৩ জন রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছিলেন। বাকি ২০ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। সাধারণ আসনে জয়ী হয়েছেন মাত্র সাতজন।

সংরক্ষিত আসন নারীদের সংসদে যাওয়ার একটি সুযোগ তৈরি করে। তবে দলীয় মনোনয়ন পাওয়া, নির্বাচনি প্রচারের অর্থ জোগাড়, প্রচার চালানো এবং সরাসরি ভোটের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে নারীদের বাধা এখনও রয়েছে।

আইনি লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে দলগুলো

গত ১ নভেম্বর ‘বাংলাদেশে রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে ৩২টি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো, অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহি ও অন্তর্ভুক্তিমূলক চর্চা পর্যালোচনা করা হয়। ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধনপ্রক্রিয়া শুরুর সময় থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দলগুলোর কার্যক্রম নিয়ে গবেষণাটি করা হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের আগস্ট পর্যন্ত হালনাগাদ প্রাসঙ্গিক তথ্যও এতে যুক্ত করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মাত্র দুটি দলের কেন্দ্রীয় কমিটিতে নারীর হার অন্তত ৩৩ শতাংশ। একটি দলে কেন্দ্রীয় কমিটিতে নারীর প্রতিনিধিত্ব ২১ থেকে ৩২ শতাংশের মধ্যে। ১২টি দলে এই হার ১১ থেকে ২০ শতাংশ এবং নয়টি দলে ১ থেকে ১০ শতাংশ। দুটি দলের কেন্দ্রীয় কমিটিতে কোনো নারী নেই। ছয়টি দল এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

গবেষণায় কেন্দ্রীয় কমিটি বলতে দলের কেন্দ্রীয় বা জাতীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অথবা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে বোঝানো হয়েছে। এগুলো দলের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো। আলাদা নারী সংগঠন এবং দলের মোট সদস্যসংখ্যাকে এ হিসাবের মধ্যে ধরা হয়নি।

টিআইবির গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে কোনো নারী নেই। সংগঠনটি ৪২টি দলের কাছে তথ্য চেয়েছিল। এর মধ্যে ৩২টি দল তথ্য দিয়েছে। চারটি দলের গঠনতন্ত্র সংগ্রহ করতে না পারায় সব দলের নারীর প্রতিনিধিত্বসংক্রান্ত বিধান একইভাবে পর্যালোচনা করা সম্ভব হয়নি।

গবেষণার এই তথ্য নিয়ে আপত্তি জানায় জামায়াতে ইসলামী। দলটি জানায়, তাদের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন। কেন্দ্রীয় মজলিসে শুরায় নারী সদস্যের সংখ্যা ১২২। এ ছাড়া দলের রুকন বা পূর্ণ সদস্যদের প্রায় ৪৩ শতাংশ নারী।

গত ৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে টিআইবি জানায়, তাদের গবেষণায় কেন্দ্রীয় নির্বাহী সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো পর্যালোচনা করা হয়েছে। মজলিসে শুরা বা দলের মোট সদস্যসংখ্যা এ গবেষণার আওতায় ছিল না।

টিআইবির তথ্য অনুযায়ী, জামায়াতের ২০২৩-২৫ মেয়াদের প্রকাশিত ১৯ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী ছিলেন না। নারী সদস্যদের জন্য আলাদা কমিটি থাকলেও তা নারী ও পুরুষ উভয়ের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় নির্বাহী কাঠামোয় নারীর প্রতিনিধিত্বের বিকল্প হতে পারে না বলেও মনে করছে সংগঠনটি। মূলত দলের কোনও সাংগঠনিক কাঠামোকে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি হিসেবে বিবেচনা করা হবে, তা নিয়েই এই মতবিরোধ। জামায়াত বিভিন্ন কাঠামোয় নারীদের অংশগ্রহণের কথা বলেছে। অন্যদিকে টিআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও পরিষদে নারীর প্রতিনিধিত্ব পর্যালোচনা করেছে।

প্রশ্নের মুখে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র

নারীপক্ষের নির্বাহী পরিষদের সদস্য ফেরদৌস আজিম বলেন, কমিটিতে নারীদের অন্তর্ভুক্ত করলেই প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। এর সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগও থাকতে হবে।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও কোনো নারী যদি নীতি নির্ধারণ, প্রার্থী মনোনয়ন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ভূমিকা রাখতে না পারেন, তাহলে তার প্রতিনিধিত্ব অর্থবহ নয়। দলীয় সাংগঠনিক ও সহযোগিতামূলক কাজে নারীদের প্রায়ই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের প্রভাব সীমিত থাকে।

দলীয় সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের জেরে এনসিপির কোনো নারী নেত্রীর পদত্যাগের ঘটনা সামান্তা শারমিনের ক্ষেত্রেই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে আরও দুই নারী নেতা দল ছেড়েছেন। ২০২৫ সালের ২৭ ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেন। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর আগে ওই আসনে তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। ফেসবুক পোস্টে তিনি বলেন, দলীয় প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সে সময় এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনি সমঝোতার আলোচনা চলছিল। তবে পদত্যাগের কারণ হিসেবে কোনো নির্দিষ্ট দলীয় সিদ্ধান্তের কথা ওই পোস্টে উল্লেখ করেননি তাসনিম জারা। এর পরদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনুভা জাবীন পদত্যাগ করেন এবং আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ান। ঢাকা-১৭ আসনে তাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছিল। তাসনুভা জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে তার আপত্তি ছিল। তবে এর চেয়েও বড় উদ্বেগ ছিল, কী প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে।

তার অভিযোগ, দলের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আস্থার সংকট তৈরি করেছে। তিন নেত্রী ভিন্ন ভিন্ন কারণে পদত্যাগ করলেও তাদের চলে যাওয়ার ঘটনা দলের নেতৃত্ব ও নীতি নির্ধারণে নারীদের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ফেরদৌস আজিম বলেন, ভিন্নমতকে দল কীভাবে বিবেচনা করছে, তা অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নারী নেতারা যখন দলের নীতি, জোট বা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান, তখন তাদের মতামত কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, তা দেখা জরুরি। নেতৃত্বের কাঠামো, জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের কার্যকর ভূমিকা থাকতে হবে।’

এ প্রসঙ্গে ‘কর্মজীবী নারী’র সাধারণ সদস্য লিপিকা রানী বিশ্বাস বলেন, কমিটিতে নারীদের নাম অন্তর্ভুক্ত করলেই প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না।

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, প্রার্থী মনোনয়ন, দলের নীতি নির্ধারণ ও নেতৃত্ব নির্বাচনে নারীদের সমান সুযোগ থাকতে হবে। দলের কোনো সিদ্ধান্তের সঙ্গে একজন নারী দ্বিমত পোষণ করলে তার মতামত কতটা গুরুত্ব পাচ্ছে, সেটিও অভ্যন্তরীণ গণতন্ত্রের গুরুত্বপূর্ণ পরীক্ষা।’ নারীদের রাজনৈতিক পদ দেওয়ার পাশাপাশি প্রকৃত ক্ষমতা ও দায়িত্বও দিতে হবে বলেও জোর দেন তিনি।

সামনে সময়সীমা

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০বি অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে সব পর্যায়ের কমিটিতে, বিশেষ করে কেন্দ্রীয় কমিটিতে, অন্তত ৩৩ শতাংশ পদ নারীদের জন্য রাখার লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করতে হবে। ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

২০০৯ সালে সংশোধনীর মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়। পরে ২০২৩ সালের আরেকটি সংশোধনীর মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা ২০২০ থেকে বাড়িয়ে ২০৩০ করা হয়। তবে আইনি বাধ্যবাধকতা থাকলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক দলগুলো নিয়মিত নারী-পুরুষের আলাদা হিসাবসহ কমিটির তথ্য প্রকাশ করছে কি না, নির্বাচন কমিশন অগ্রগতি কীভাবে পর্যবেক্ষণ করছে এবং লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ দলগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এসব প্রশ্নের এখনও স্পষ্ট উত্তর নেই।

অ্যাকশনএইড বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ গবেষণাতেও এ ক্ষেত্রে বড় ধরনের ঘাটতির চিত্র উঠে এসেছে। ২০২৬ সালের ৮ জুন প্রকাশিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলগুলোর অবস্থান’ শীর্ষক গবেষণাটি করা হয়।

ছয়টি বিভাগের ১১টি জেলার ১৯১ জন অংশীজনের মতামতের ভিত্তিতে তৈরি গবেষণায় দেখা গেছে, ৮৭ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের বিধান সম্পর্কে জানেন। তবে ৭২ শতাংশ মনে করেন, এই বিধান বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। মাত্র ১ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নির্বাচন কমিশনের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ৬০ দশমিক ৬ শতাংশ ব্যক্তি পুরুষতান্ত্রিক দলীয় সংস্কৃতিকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর রয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব (৫৬ দশমিক ৩ শতাংশ), পারিবারিক ও সামাজিক চাপ (৪৯ দশমিক ৩ শতাংশ) এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের দুর্বলতা (৪৫ দশমিক ১ শতাংশ)।

রাজনীতিতে আসতে আগ্রহী তরুণ নারীরাও নানা সমস্যার মুখে পড়েন। এর মধ্যে রয়েছে নিরাপত্তাহীনতা, অনলাইনে হয়রানি, পুরুষপ্রধান সাংগঠনিক কাঠামো, নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি এবং আর্থিক সীমাবদ্ধতা।

গবেষণায় নীতি নির্ধারণ ও প্রার্থী মনোনয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানো, নির্বাচন কমিশনের নিয়মিত নজরদারি, রাজনৈতিক দলের নারী-পুরুষের আলাদা হিসাবসহ তথ্য প্রকাশ এবং সরাসরি নির্বাচনে বেশি নারী প্রার্থী মনোনয়ন দেওয়া দলগুলোকে উৎসাহিত করার সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের ২০২৬ সালের ৩ আগস্ট প্রকাশিত ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণ: সুযোগ ও সীমাবদ্ধতা’ শীর্ষক প্রতিবেদনেও বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বাধাগুলো তুলে ধরা হয়েছে। এতে অনানুষ্ঠানিক বাধা, আর্থিক সীমাবদ্ধতা এবং লিঙ্গভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গিকে নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৪৩টি বিস্তারিত সাক্ষাৎকার, আটটি গুরুত্বপূর্ণ তথ্যদাতার সাক্ষাৎকার এবং আটটি আঞ্চলিক পরামর্শ সভার ভিত্তিতে তৈরি প্রতিবেদনে ‘ক্ষমতা ছাড়া উপস্থিতি’র বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল, সংসদ বা স্থানীয় সরকারে নারীদের উপস্থিতি থাকলেও সমান কর্তৃত্ব, সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের থাকে না।

নির্বাচনি প্রচার, দলীয় কার্যক্রম, প্রাতিষ্ঠানিক পরিবেশ এবং ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক সহিংসতা ও হয়রানির ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। এসব কারণে নারীদের রাজনীতিতে প্রবেশ এবং সক্রিয় থাকা; দুটিই কঠিন হয়ে পড়ে।

টিআইবি, অ্যাকশনএইড বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এবং জাতিসংঘের গবেষণায় একটি বিষয় স্পষ্ট হয়েছে: শুধু আনুষ্ঠানিকভাবে নারীদের অন্তর্ভুক্ত করলেই রাজনৈতিক প্রতিনিধিত্ব অর্থবহ হয় না। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক দলগুলোর সামনে এখন শুধু কমিটি বা সংসদে নারীর সংখ্যা বাড়ানোর চ্যালেঞ্জ নেই। নীতি নির্ধারণ, নির্বাচনি জোট, প্রার্থী মনোনয়ন এবং নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্তেও নারীদের কার্যকর ক্ষমতা নিশ্চিত করতে হবে।