বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপিকে কটাক্ষ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। তারা শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—“মুঝে বাঁচাও, বাঁচাও”।’

পোস্টের শেষাংশে তিনি আরও উল্লেখ করেছেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার।’

এর আগে বৃহস্পতিবার দেওয়া এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম দেশের বাইরে থেকে পলাতক পতিত আওয়ামী লীগের আন্তঃসীমান্ত সন্ত্রাসের অভিযোগ তোলেন। তিনি লেখেন, গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ।

সারজিস আলম আরও অভিযোগ করেন, সারা দেশে একাধিক বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ। গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।