আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন নাহিদ ইসলাম। পোস্টে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠানো হয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর এবার তাদের নিশানায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব।

তিনি বলেন, এ ধরনের চোরাগোপ্তা হামলা ও প্রাণনাশের হুমকি প্রতিহত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, শহীদ পরিবার এবং রাজপথের যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকের মজুমদারদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। এই শক্তিকে আবারও পরাজিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।