সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন, বিএনপির ৫০২ সদস্যের কমিটি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপিকে প্রশ্ন করতে চাই, সর্বোচ্চ ৪৪৮ সদস্যের কমিটি কিভাবে ৫০২ সদস্যের হলো? যারা নিজের দলে গণতন্ত্র বা গঠনতন্ত্র লঙ্ঘন করে এ রকম কমিটি ঘোষণা করে, তারা বাংলাদেশের সংবিধানও বারবার লঙ্ঘন করেছে।
খালেদা জিয়ার জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বানের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১৫ আগস্ট আমরা শোক পালন করব, আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, এটা আমরা কিভাবে সহ্য করব? ঐক্য কার সঙ্গে করব? কিভাবে করব?
ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের হত্যাকারীদের কারা পুনর্বাসিত করেছে, কারা ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউকে রক্ত বন্যায় ভাসিয়েছে। তবু শেখ হাসিনা এতকিছু ভাবেননি। ছেলের মৃত্যুতে সমবেদনা জানাতে গেলে তাকে ঘরে ঢুকতে দেননি খালেদা।
এ সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও শেখ কামালের সাহসী ভূমিকার কথা স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, ছাত্রলীগ করার সুবাদে বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে বেশ কবার দেখার সুযোগ হয়েছে। ’৭৪-এ তখন দেশ বন্যা কবলিত। দুপুরে ফজিলাতুন্নেছার বাসায় যাই। তিনি আমাদের বললেন, তোমরা ছাত্রনেতারা কেন ঢাকায় ঘুরছ, তোমরা বন্যার্তদের কাছে যাও।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রী হলের নেতাকর্মীরা।
/ইএইচএস/এমএনএইচ/