বঙ্গবন্ধুর দর্শন প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসী সংগ্রাম করছে: খালিদ মাহমুদ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাম্য ও শান্তির দর্শন প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসী এখন সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। জাপান আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বাংলাদেশ সময় রবিবার বিকালে তিনি এসব কথা বলেন। জাপানের রাজধানী টোকিও’র ওজি হকতো পিয়া হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় খালিদ মাহমুদ চৌধুরীসহ বক্তারাখালিদ মাহমুদ বলেন, ‘সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, উন্নয়ন ও শোষণমুক্তির যে দর্শন জাতির পিতা দিয়েছেন, শুধু বাংলাদেশ নয়; শান্তির জন্য আজ বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর সেই দর্শন অনুসৃত হচ্ছে, বিভিন্নভাবে সে দর্শন প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসী সংগ্রাম করছে।’

বঙ্গবন্ধুকে জানার জন্য জাপানসহ অনেক দেশে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এখন অনূদিত হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাপানের শিক্ষা ও গবেষণামূলক বইয়ের প্রকাশনা সংস্থা আকাশি শোতেন জাপানি ভাষায় এ বই প্রকাশ করে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। চীনা ও ইংরেজি ভাষায়ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছে। ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশ জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী নিজ নিজ ভাষায় প্রকাশ করেছে। বঙ্গবন্ধুকে নিয়ে জার্মান ভাষায়ও বই রচিত হয়েছে।’

খালিদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার দর্শন বিশ্বব্যাপী অনুসরণ করা হচ্ছে। বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল নেতা, যিনি স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছেন দেশ স্বাধীন করার মধ্যে দিয়ে। যা জগতের ইতিহাসে বিরল।’ এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশ-বিদেশে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মো. আরিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী। এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা খন্দকার মো. হিরা, বাদল চাকলাদার, বাদল রায়, আনোয়ার প্রমুখ।



/এমও/