শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে: সাহারা খাতুন





সাহারা খাতুনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য বিমোচনে আমরা অনেক দূর এগিয়েছি। তার নির্দেশনা অনুযায়ী সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ও দৈনিক নবচেতনা পত্রিকার যৌথ উদ্যোগে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ‘সাধারণ মানুষের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তিনি দারিদ্র্যপীড়িত দেশকে পেছনে ফেলে সচ্ছল একটি দেশের সপ্ন দেখেছিলেন, কিন্তু সে স্বপ্ন তিনি আর পূরণ করতে পারেনি। তবে তার উত্তরসূরি হয়ে ঠিকই আমাদের প্রধানমন্ত্রী মুজিব কন্যা সেই সোনার বাংলা গড়ে তুলছেন।’
অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন স্বার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি হতো না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।’
এ সময় দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্‌বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সদস্য মাজমুন নাহার বেবী, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি আলহাজ মো. নাজিম উদ্দীন, ওমর ফারুক, দৈনিক নবচেতনার নির্বাহী সম্পাদক রেদুয়ান খন্দকার, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/