না.গঞ্জ নির্বাচনে বিএনপির প্রার্থী সিলেকশন ভুল ছিল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী সিলেকশন ভুল ছিল বলে মম্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খেলার মাঠে খেলোয়াড় দুর্বল হলে গোল দেবে কিভাবে? নারায়ণগঞ্জে বিএনপি দুর্বল প্রার্থী দিয়েছিল। সেই জন্য তারা মার খেয়েছে।’ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হোন। সিটি নির্বাচন ফেয়ার হয়েছে। কেউ বলেনি, নির্বাচনে কারচুপি হয়েছে।’

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন ফেয়ার হয়, তা প্রমাণিত হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সব নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিজয়ের মাসে জামায়াতকে সঙ্গে নির্বাচন করলে, কিভাবে জিতবেন বলুন? তাই খালেদা জিয়াকে বলব, ভুল সংশোধন করে জামায়াতকে পরিহার করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। ২০১৯ সালে মাঠে খেলা হবে।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে নৌকা ও ধানের শীষে সরাসরি লড়াই হয়েছে। বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। বিএনপি কিন্তু অনেক ভোট পেয়েছে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে। ’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/