আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পল্টু ও বাসেত মজুমদার

মোজাফ্ফর হোসেন পল্টু ও অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদারক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন মোজাফ্ফর হোসেন পল্টু ও অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদার। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০তম সম্মেলন প্রদত্ত ক্ষমতা বলে এই দুই জনকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এ দু’জনকে অন্তর্ভুক্ত করার পর উপদেষ্টা পরিষদ সদস্য হলেন ৪০ জন। দলের গঠনতন্ত্রে ৪১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠনের কথা বলা হয়েছে। গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদকে দলের চিন্তাকোষ বা থিংক ট্যাঙ্ক আখ্যায়িত করা হয়েছে।

এক সময় আওয়ামী লীগের ডাক সাইটে নেতা মোজাফ্ফর হোসেন পল্টু দেড় দশকেরও বেশি সময় ধরে দলে নিষ্ক্রিয় রয়েছেন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথমে প্রচার ও পরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পান। কিন্তু ২০০১ সালের নির্বাচনের বিতর্কিত ভূমিকার জন্য নির্বাচনের পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন। এদিকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী আওয়ামী ঘরানার পেশাজীবী নেতা হিসেবে পরিচিত।

/ইএইচএস/এমএনএইচ/