আদালতের হাত সংসদ ছোঁয়ার মতো লম্বা হয়নি: মোহাম্মদ নাসিম

 

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি: সংগৃহীত)সংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘আদালতের রায় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আদালতের হাত এত লম্বা হয়নি যে, সংসদকে ছুঁতে পারে।’ মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ, আর বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। অতএব এই সংসদকে কেউ অসম্মান করতে পারে না।’

বিএনপিকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছোট ভুল শোধরানো যায়, কিন্তু বড় ভুলের ক্ষমা নেই। বড় ভুল করে দেশকে অন্ধকারের দিকে নেবেন না।’ তিনি বলেন, ‘চক্রান্ত করে লাভ নেই। বিএনপির বন্ধুদের বলি, আদালতের দরজায় ঘোরেন, আমাদের অসুবিধা নেই।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্ত চরছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে রাজপথে আর কেউ থাকতে পারবে না।’

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

/পিএইচসি/ এমএনএইচ/