প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা সফল করতে ৩ অক্টোবর যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। এদিন দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিৃম সংগঠন ছাড়াও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই যৌথসভা অনু্ষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। ৭ অক্টোবর তিনি দেশে ফিরবেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত একাধিক স্পটে লোক সমাগমের মাধ্যমে তাকে বরণ করা হবে।’
জানতে চাইলে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। ওইদিন তাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পথে পথে লোক সমাগম ঘটবে। মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। এর প্রস্তুতি নিতে ৩ অক্টোবর যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। বৈঠকে স্পট নির্ধারণসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘ওইদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও দেশবরেণ্য ব্যক্তিরা। আর গণভবনে উপস্থিত থাকবেন দলীয় নেতারা ছাড়াও শিল্পী ও সাহিত্যিকরা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। সাধারণ অধিবেশনে বক্তৃতায় মিয়ানমারের রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের ওপর শরণার্থীদের চাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সাধারণ অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর একটি হাসপাতালে তার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়।