দেশের উন্নয়নে আ.লীগকে কলুষমুক্ত করতে হবে: ১৪ দল

১৪ দলীয় জোটদেশের উন্নয়নে শহীদ এম মনসুর আলীর মতো দৃঢ়চিত্তের প্রতি আস্থা রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ নেতারা। তারা বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে কলুষমুক্ত করে এগিয়ে যেতে হবে।’ শুক্রবার (১ নভেম্বর)  শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এখনও ষড়যন্ত্র করে চলছে। কিন্তু এসব ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়াই হবে অপশক্তির বিরুদ্ধে মোক্ষম জবাব।’

উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ  হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির দিকে দেশ এগিয়ে চলছে।  আসুন, তার নেতৃত্বে ঐক্যভাবে এগিয়ে যাই।’ চলমান শুদ্ধি অভিযানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘অর্থনৈতিক মুক্তির জন্য আওয়ামী লীগকে কলুষমুক্ত করে এগিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি এদেশের স্বাধীনতা রুখতে না পেরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাংলাদেশের  সম্ভাবনাকে স্তব্ধ করে দিতে ষড়যন্ত্র করেছে। এখনও চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ় নেতৃত্বে দেশকে এগিয়ে নিচ্ছেন। সংকটকে সম্ভাবনায় পরিণত করে দেশ তার নেতৃত্বে  আরও এগিয়ে যাবে।’

সভার সভাপতি মোহাম্মদ নাসিম বলেন,‘শহীদ মনসুর আলী লোভের কাছে আত্মসমর্পণ করেনি। তাদের জীবন অনুসরণ করতে হবে। লোভের কাছে মাথা নত করা  যাবে না। করলে শেখ হাসিনাকেও রক্ষা করা যাবে না।’

সভায় ১৪ দলের শরিক ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগেরও অবক্ষয় রোধ করতে হবে।’ এ জন্য মনসুর আলীর মতো ব্যক্তিত্বকে অনুসরণ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।