বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী সরকারের অপকর্ম আড়াল করতেই বিএনপির যেকোনও কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেওয়া হয়। লুটপাটের কাহিনি যাতে প্রকাশিত না হয়, এ জন্যই বিএনপির কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ছে পুলিশসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী। জাতীয় তহবিল লোপাটের পর সেটি পূরণ করতে জনগণের কাছ থেকে টাকা নিংড়ে নেওয়া হচ্ছে।’
সোমবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কারখানা বন্ধ হওয়া, কর্মসংস্থান কমে যাওয়া, খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী এই সরকার। আওয়ামী সহিংসতার দুষ্টচক্রে আইনের শাসন, ন্যায়বিচার, মানুষের মানবিক মর্যাদা তথা গণতান্ত্রিক অধিকার এখন ধুলায় লুটোপুটি করছে।’
রিজভী বলেন, ‘এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আওয়ামী নাৎসি সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে অবতীর্ণ হতে হবে।’
‘এখন নিপুণ রায় চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক নেতাকর্মী বাসভবনে অবরুদ্ধ হয়ে আছেন’—বলেন রিজভী।
তিনি আরও অভিযোগ করেন, ময়মনসিংহে নির্ধারিত স্থানে প্রচারপত্র বিলির সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ব্যাপক বাধা দেয়।
কয়েক মিনিটের লিফলেট বিতরণ
সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা স্বল্প সময়ের মধ্যে শেষ করেন। প্রত্যক্ষদর্শী একাধিক গণমাধ্যমকর্মী জানান, সকাল ১১টার আগে কর্মসূচি শুরু করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা শেষ করেন নেতারা। এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, আমানউল্লাহ আমানসহ অনেকে উপস্থিত ছিলেন।