বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। বুধবার (১৬ মার্চ) সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজডের (সিআরপি) রেডওয়ে মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

শিক্ষাসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘স্কুলে পড়ুয়া শিশু, ছিন্নমূল শিশু, পরিবারের শিশুদের নিয়ে বঙ্গবন্ধু কৃত্রিমতা বিবর্জিত সত্যিকারের ভালোবাসায় মগ্ন থাকতেন। বঙ্গবন্ধু সারাটা জীবন বাংলার কৃষক, শ্রমিক, গরিব, দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন।’

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ভাবনার কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘একদিন বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য কয়েক জন তাঁর অনুমতির জন্য গিয়েছিলেন। তখন বঙ্গবন্ধু হেসে বলেছিলেন, “আমার জন্মদিন কী আর মৃত্যু দিনই-বা কী। যতদিন এই দেশের সব শিশুকে বাসযোগ্য করতে না পারবো, ততদিন জন্মদিন পালন করে কী হবে। আমি বাংলার সব শিশুর শিক্ষা, বস্ত্র, বাসস্থানসহ বাসযোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি।”’

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ ছাড়াও সিআরপিতে হুইল চেয়ার ও সাধারণ শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।

বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, কবি আসলাম সানী, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য বিমান রায়, মিজানুর রহমান লিটন, সৈয়দ হেমায়েত হোসেন, আতিকুর রহমান শাজাহান, হাবিবুর রহমান হাবিব, জ্যোতিকা জ্যোতি, মিজানুর রহমান রুবেল, আনোয়ার হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফরিদা পারভীন, সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব এ সময় উপস্থিত ছিলেন।