যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি জেড আই রাসেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ মার্চ) রাতে ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গুলশান, বনানী ও ভাষানটেকের নাগরিকেরা অংশগ্রহণ করেন। তারা ফুলের মালা দিয়ে জেড আই রাসেলকে বরণ করে নেন। একসঙ্গে হাত মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। জেড আই রাসেলও সব সময় সুখে-দুঃখে নাগরিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। গুলশান, বনানী এবং ভাসানটেক ঢাকা-১৭ আসনের আওতাধীন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেড আই রাসেল সাংবাদিকদের বলেন, ‘আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এরশাদ সরকারের আমলে বহু হামলা-মামলার শিকার হয়েছি। বাধ্য হয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছি।’ তিনি বলেন, ‘আমেরিকায় যাওয়ার পর মেট্রো ওয়াসিংটনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। নানা দিবসকে কেন্দ্র করে ওয়াসিংটন ডিসিতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের নানান ইতিবাচক কাজ করেছি। এর মধ্যে বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের মনে ইতিবাচক ভাব ফুটে উঠবে।’