বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন) বলেছেন, দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির নামই পদ্মা সেতু। মঙ্গলবার (৩১ মে ) দুপুরে মাদারীপুরের শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংক শিবচর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, পদ্মা সেতু শুধু স্বপ্নের সেতু না,এটি অর্থনৈতিক মুক্তির সেতু। পদ্মা সেতু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির সেতু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এসময় আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে মন্ত্রী ও চিফ হুইপ শিবচরের দত্তপাড়ায় স্বাধীনতা পদকপ্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন।